খুলনায় নতুন বছরে পুরোনো ভোগান্তি
খুলনা শহরের ইকবাল নগর এলাকায় ওহাব অ্যাভিনিউয়ের ছোট একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল হামিদ। তিন কক্ষের ওই ফ্ল্যাটের ভাড়া ও বিল মিলিয়ে তাঁকে প্রতি মাসে ৯ হাজার টাকা দিতে হয়। ভাড়া জানুয়ারি থেকে ১ হাজার টাকা বাড়বে বলে জানিয়ে দিয়েছেন বাড়িওয়ালা। এই অর্থ জোগান নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
হামিদের মতো অনেক ভাড়াটেকে ভাড়া নিয়ে পুরোনো বছরের মতো ভোগান্তিতে পড়তে হচ্ছে। নগরের মৌলভীপাড়া এলাকার ভাড়াটে সুশীল কুমার ঘটক বলেন, আট বছর আগে তিনি ৩ হাজার ২০০ টাকা দিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেন। এখন সেখানেই ভাড়া গুনছেন আড়াই গুণ বেশি, ৮ হাজার টাকা। এ বছরও বাড়ছে।
নিরালা আবাসিক এলাকার ভাড়াটে আনিসুজ্জামান বলেন, বছর তিন আগে এই এলাকায় ছোট ফ্ল্যাট ভাড়া ছিল সর্বোচ্চ ৮ হাজার টাকা। এখন ১৩ হাজারের নিচে পাওয়া যায় না। প্রতিবছরই ভাড়া বাড়ে। এর বাইরে সার্ভিস চার্জ তো আছেই।
সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী, খুলনা শহরের ৬১ দশমিক ২ শতাংশ মানুষ ভাড়াবাড়িতে থাকেন। ৩২ দশমিক ৫ শতাংশ মানুষের নিজের বাড়ি আছে ও বাকি ৬ দশমিক ৩ শতাংশ থাকেন বিনা ভাড়ার বাসস্থানে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সূত্র অনুযায়ী, নগরে প্রায় ৬৭ হাজার হোল্ডিং আছে।
নগরের বিভিন্ন এলাকার অন্তত ৪০ জন ভাড়াটের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ বাড়িওয়ালাই জানুয়ারি থেকে ভাড়া বাড়াচ্ছেন।
তাঁরা ১০ থেকে ২৫ শতাংশ হারে এটা বাড়াচ্ছেন। প্রতিবাদ জানালে বাসা ছেড়ে দিতে বলা হচ্ছে। শহরে বাড়িওয়ালা-ভাড়াটে চুক্তি সই ও এ বিষয়ে পাকা রসিদ দেওয়ার ঘটনা একেবারেই বিরল। শহরে বাড়িভাড়া নিয়ন্ত্রণে কোনো কমিটি নেই। বেশির ভাগ ক্ষেত্রে এক থেকে তিন মাসের অগ্রিম ভাড়ার টাকা জামানত হিসেবে রাখতে হয়। অবিবাহিত ও শিক্ষার্থীদের বাসা ভাড়া পেতে অনেক কাঠগড় পোড়াতে হয়। বাসা পেলেও থাকে নানা বিধিনিষেধ। ভাড়াও গুনতে হয় বেশি। একজন অতিথি কয়েক দিন থাকলেই বাড়িওয়ালা বাড়তি টাকা দাবি করেন। এ ছাড়া কোনো বছর দুবারও ভাড়া বাড়ানো হয়।
নগরের মডার্ন ফার্নিচার এলাকার বাড়িওয়ালা মমতাজ বেগম বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, পানি, খাজনাসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে। বাধ্য হয়ে বাড়িভাড়া বাড়াতে হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক নিরালা আবাসিক এলাকার এক বাড়ির মালিক বলেন, সবকিছুর দাম বাড়লে বাড়িভাড়া বাড়বে না কেন? এ ছাড়া ভাড়া বাড়ানোই যাবে না, এমন তো কোনো আইন নেই। ভাড়াটের সঙ্গে চুক্তি করেন না কেন, জানতে চাইলে তিনি বলেন, খুলনায় এটার চল নেই।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম বলেন, তাঁরা খুলনায় বাড়িভাড়া নিয়ে মাঠপর্যায়ে কোনো কাজ করেননি। তবে প্রতিবছর এখানে ভাড়া বাড়ে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, খুলনায় বাড়িভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। বছর বছর এমনকি বছরে দুবারও ভাড়া বাড়ানো হচ্ছে। লিখিত চুক্তিপত্র না থাকা ও বাড়িভাড়ার রসিদ না থাকায় ভাড়াটেরা আইনগত প্রক্রিয়ায় যেতে পারেন না। খুলনায় বাড়িভাড়া নিয়ন্ত্রক সংস্থা গঠন করা জরুরি। বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও তদারকিতে কেসিসিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে মেয়র মনিরুজ্জামান মনি বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কোনো সুনির্দিষ্ট আইন নেই। ভোক্তা অধিকার আইন মেনে নাগরিকেরা এ ব্যাপারে সংগঠিত হতে পারে, কমিটি গঠন করতে পারে। কোনো নাগরিক যদি বাড়িভাড়া-সংক্রান্ত অভিযোগ দেন, তাহলে স্থানীয় জনপ্রতিনিধিসহ আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করতে পারি।’