খুলনায় নদীর জায়গায় দোকানঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের গল্লামারি সেতু এলাকায় ময়ূরী নদীর পশ্চিম পাড়ে নদীর জায়গা দখল করে ছয়টি দোকানঘর নির্মাণ করা হয়েছে।গল্লামারির বাসিন্ধা আকতার আহমেদ বলেন, ‘এ নদী দিয়ে নগরের বৃষ্টির পানি বের হয়। নদী দখল করে এভাবে দোকান করায় নদী শুকিয়ে আসছে।’ স্থানীয় বাসিন্দা মনির শেখ বলেন, ‘নদী এভাবে দখল হতে থাকলে শহরে চরম জলাবদ্ধার সৃষ্টি হবে। এটিকে দ্রুত দখলমুক্ত করে সংস্কার করা প্রয়োজন।’বুধবার সরেজমিনে দেখা গেছে, নদীর পশ্চিম পাড়ে বাঁশ দিয়ে তৈরি চারটি ঘরে মাংস বিক্রি হচ্ছে। নতুন দুটি ঘর নির্মাণের কাজ চলছে। নদীর একই পাশের দক্ষিণ দিকে নদীর পাড় দিয়ে প্রায় ১৫০ থেকে ২০০ গজ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার মধ্যে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় চার বছর আগে স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দিন নদীর পশ্চিম পাশে ২০-২৫ ফুট ভেতরে গিয়ে চারটি ঘর নির্মাণ করে ভাড়া দেন। বর্তমানে আরও দুটি নতুন ঘর নির্মাণকাজ চলছে। স্থানীয় লোকজনের অভিযোগ, এভাবে দখল করায় নদীটি দ্রুত শুকিয়ে যাচ্ছে। নদীটি শুকিয়ে গেলে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হবে।দোকানদার মো. মান্নান বলেন, ‘আমরা চার বছর আগে এই ঘর ভাড়া নিয়েছি। ৬০০ টাকা করে ভাড়া দেওয়া লাগে। এ মাসে নাছির ভাই (মালিক) বলেছে ভাড়া বাড়াবেন।’দোকানঘরের মালিক নাছির উদ্দিন বলেন, ‘আমি এক বছর আগে জমির মালিক হয়েছি। তার আগে এই ঘর তৈরি করা হয়েছিল। এখন ওই দোকানগুলো আর একটু বড় করে করার কথা চিন্তা করছিলাম। এখন আর করব না।’ খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নদী দখলমুক্ত করার জন্য একটি নোটিশ দিয়েছি। আরও কিছু নোটিশ তৈরি করছি। আমরা দ্রুত নদী দখলমুক্ত করব।’