খুলনায় নারী কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি
খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর মেমরি সুফিয়া রহমানকে লক্ষ্য করে গত শনিবার বিকেলে নগরের রায়ের মহলের বারোবা এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়ের মহল যৌথ বাহিনীর ক্যাম্পের পাশে একটি জমিতে একপক্ষ বাঁশ পুঁতে ঘর তৈরি করছিল। বিকেল সাড়ে চারটার দিকে কাউন্সিলর মেমরি সুফিয়া রহমান সেখান যাওয়ার কিছু সময় পরে প্রতিপক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে বন্দুকের গুলি ছোড়ে। তবে গুলি তাঁর গায়ে লাগেনি।সুফিয়া রহমান অভিযোগ করে বলেন, ঘর তৈরি দেখতে গেলে প্রতিপক্ষের জাকির হোসেন তাঁকে লক্ষ্য করে গুলি করেন। কারণ, ওদের অবৈধ খাল দখলের বিরুদ্ধে তিনি সব সময় প্রতিবাদ জানিয়ে আসছেন। এ বিষয় তিনি খালিশপুর থানায় মামলা করেছেন।তবে জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সময় থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচন কেন্দ্রে ছিলেন। ওই জমি নিয়ে আদালতে মামলা আছে। তা ছাড়া কাউন্সিলরের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ বলেন, একটি পুকুরের জমিতে রিয়াদ নামের একজন ঘর বাঁধতে গেলে কাউন্সিলর সুফিয়া রহমান সেখানে যান। এলাকার মানুষ কাউকে গুলি করতে না দেখলেও গুলির শব্দ শুনেছে। এ বিষয় তদন্ত চলছে।