খুলনায় নারী খুন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের বয়রা এলাকায় গত রোববার রাতে নিজ বাসায় খুন হয়েছেন শেফালী বণিক (৫৫) নামের এক নারী। এ ঘটনায় রাতেই গ্রেপ্তার করা হয় তাঁর দূরসম্পর্কের নাতি সজল বণিককে। গতকাল সোমবার তিনি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।
রোববার গভীর রাতে শেফালীর ছেলে নারায়ণ চন্দ্র বণিক বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেন। গতকাল বিকেল চারটার দিকে মহানগর বিচারিক হাকিম ফারুক ইকবালের আদালতে সজলের জবানবন্দি রেকর্ড করা হয়।
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ওসি মারুফ আহমেদ বলেন, রাতে ওই ঘরে চেঁচামেচি শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেফালীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় ওই ঘরের বাথরুমে লুকিয়ে থাকা সজলকে আটক করে পুলিশ। রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।