খুলনায় নারী নির্যাতন বাড়ছে, দুই বছরে পাঁচ শতাধিক ঘটনা
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিনে নারীদের উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি ও ঘোষণা দেওয়া হয়। তবে তাঁদের ওপর নির্যাতন বন্ধে আজও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। গত দুই বছরে খুলনা জেলায় হত্যা, ধর্ষণসহ নারী নির্যাতনের পাঁচ শতাধিক ঘটনা ঘটেছে। বেসরকারি সংস্থা (এনজিও) বাংলাদেশ মানবাধিকার সংস্থা এ তথ্য দিয়েছে। বাংলাদেশ মানবাধিকার সংস্থার জরিপ সূত্রে জানা গেছে, খুলনার মহানগরের আরামবাগ এলাকায় এক কলেজশিক্ষকের বাসার গৃহপরিচারিকাকে ২০১০ সালের ১৬ জুন পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। একই বছরের ২ ফেব্রুয়ারি রাতে দৌলতপুর মহেশ্বরপাশায় নির্যাতন করে হত্যা করা হয় লাইজু নামের এক গৃহবধূকে। ওই দিন সকালে নগরের লবণচরা আমতলা ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় মুনিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ। এ ঘটনায়ও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাংলাদেশ মানবাধিকার সংস্থা নারী নির্যাতনের বিষয়ে ২০০৯ ও ২০১০ সালে ওই জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফল অনুযায়ী গত দুই বছরে শুধু খুলনা মহানগরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা হয়েছে ৩১৭টি। এনজিওটির খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম বলেন, ‘প্রভাবশালী মহলের চাপ, অন্যায় করেও শাস্তি না পাওয়া ও জনসচেতনতার অভাবে এসব ঘটনা বাড়ছে। মামলার দীর্ঘসূত্রও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।’খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অলোকানন্দা দাস জানান, বর্তমানে এ ট্রাইব্যুনালে তিন হাজারেরও অধিক মামলা বিচারাধীন রয়েছে। সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়, মাদকাসক্তিসহ নানা কারণে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। প্রায়ই পুলিশ আদালতে ধর্ষণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে মামলা ক্ষতিগ্রস্ত হয় এবং আপরাধীরা ছাড়া পেয়ে যায়।