খুলনায় নাশকতায় ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইনে নাশকতার শিকার হয়ে খুলনায় আটকা পড়েছে আন্তনগর নকশিকাঁথা এক্সপ্রেস। ফলে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি: সুমন্ত চক্রবর্ত্তী, খুলনা
রেললাইনে নাশকতার শিকার হয়ে খুলনায় আটকা পড়েছে আন্তনগর নকশিকাঁথা এক্সপ্রেস। ফলে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি: সুমন্ত চক্রবর্ত্তী, খুলনা

খুলনায় রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলায় গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে আন্তনগর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গার কাছে এ ঘটনা ঘটে। এরপর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
খুলনা রেলস্টেশনের মাস্টার আমিনুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা ট্রেনটি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকা পার হওয়ার সময় এর ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি।
আমিনুর রহমান বলেন, ‘এই ট্রেনে যাত্রীবাহী বগির সংখ্যা পাঁচটি আর একটি মালবাহী বগি রয়েছে। শুধু মালবাহী বগিটি লাইনচ্যুত হয়নি। উদ্ধারকাজ চলছে। আশা করছি, বিকেলের মধ্যে কাজ শেষ হবে।’
এ ঘটনার পর বিভিন্ন রেলপথ থেকে খুলনাগামী সুন্দরবন, রূপসা, সীমান্ত, চিত্রা ও রকেট এক্সপ্রেস যশোর স্টেশনে আটকা পড়েছে। অন্য দিকে খুলনা থেকে আজ সকাল সাড়ে সাতটার দিকে বেনাপোলের উদ্দেশে একটি কমিউটার ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল। এটিও আটকা পড়েছে।