খুলনায় নিউজপ্রিন্ট মিল ও রেলওয়ের জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের খালিশপুরে বিআইডিসি সড়কের পাশে খুলনা নিউজপ্রিন্ট মিল ও রেলওয়ের জমিতে নির্মাণ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয়। পাশে কয়েকটি দোকানঘরও নির্মাণ করা হচ্ছে  ছবি: প্রথম আলো
খুলনা মহানগরের খালিশপুরে বিআইডিসি সড়কের পাশে খুলনা নিউজপ্রিন্ট মিল ও রেলওয়ের জমিতে নির্মাণ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয়। পাশে কয়েকটি দোকানঘরও নির্মাণ করা হচ্ছে ছবি: প্রথম আলো

খুলনা নিউজপ্রিন্ট মিল ও খুলনা রেলওয়ের জমি দখল করে রাজনৈতিক দলের কার্যালয়, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। দখলদারদের তালিকায় স্থানীয় সরকারি ও বিরোধী দলের নেতা থেকে শুরু করে প্রতিমন্ত্রীর গৃহপরিচারিকার নামও এসেছে।
জানা গেছে, ১৯৫৭-৫৮ সালে নগরের খালিশপুর শিল্প এলাকায় ৯০ একর জমির ওপর খুলনা নিউজপ্রিন্ট মিলটি স্থাপিত হয়। এ সময় মূল সীমানার বাইরে প্রায় তিন একর জমিতে মিলের বর্জ্য ও গাছের ছাল শুকানোর জন্য রাখা হয়। ২০০২ সালে সরকার মিলটি বন্ধ ঘোষণা করে। তখন থেকে মিলের তিন একর ও রেলওয়ের এক একর জমি বেদখল হয়ে যায়। গত ১১ বছরে ওই জমিতে নির্মাণ করা হয়েছে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, খালিশপুর থানা বিএনপির কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে মিলের প্রশাসনিক বিভাগের প্রধান মো. নুরুল্লাহ বাহার জমি উদ্ধারের জন্য গত ২৫ আগস্ট খালিশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে মিলের প্রধান ফটকের উত্তর পাশে মিলের খালি জায়গা দখল করে ঘর নির্মাণকারী ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব ও স্থানীয় মো. ইয়াদ আলী, মো. বাবুল, ফকরুল, জাকির, জাহাঙ্গীর, মাহবুব, মশিউর, ইমাম, আলীউজ্জামান, ইসরাফিল, সফিক ও ইউনুস।
ইয়াদ আলী দাবি করেন, ‘আমি দখল করিনি। থানা আওয়ামী লীগের সভাপতি এক বিঘা জমি দখল করে আছে।’
৭ ও ৮ অক্টোবর সরেজমিনে দেখা যায়, বিআইডিসি সড়কে মিলের সামনে পাকা দেয়ালের ওপর ছাউনি দিয়ে আটটি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। স্থানীয় লোকজন জানান, ঘরগুলো নির্মাণ করছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বাসার গৃহপরিচারিকা মাসুমা আক্তার (রানী)। ঘরগুলোর পাশে রয়েছে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। এর পেছনে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি। উত্তর দিকে রয়েছে একটি গুদাম। পাশেই বাঁশ-খুঁটি দিয়ে তৈরি হচ্ছে একটি ঘর।
স্থানীয় লোকজন জানান, গুদাম এবং নতুন করে তৈরি হওয়া ঘরটি খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহর। সড়ক ধরে উত্তর দিকে ২০০ গজ এগিয়ে দেখা গেল খালিশপুর থানা বিএনপির কার্যালয়সহ বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট।
গতকাল বৃহস্পতিবার বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বেগম মন্নুজান সুফিয়ানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহাবুদ্দিনের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
মিলের এমডি কাজী রুহুল আমিন বলেন, দখলদারদের উচ্ছেদ করতে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। র‌্যাব-পুলিশকে দিয়ে কয়েকবার অভিযানও চালানো হয়েছে। খুলনা রেলওয়ের কানুনগো মনোয়ার ইসলাম বলেন, ‘মিলের পাশে যে জমি আছে তা আমরা মিলকে ইজারা দিয়েছি।’
খালিশপুর থানা বিএনপির সভাপতি ফজলে হালিম দাবি করেন, রেলওয়ের অনুমতি নিয়েই তাঁরা কার্যালয় করেছেন।
মাসুমা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ফোনে কিছু বলা যাবে না। মুখোমুখি কথা বলেন।’
এ কে এম সানাউল্লাহ বলেন, ‘আমরা পরিত্যক্ত জমিতে কার্যালয় নির্মাণ করেছি। কার্যালয়ের পেছনে আমাদের দলের গরিব সমর্থকেরা ঘর তৈরি করে বসবাস করছেন।’