খুলনায় নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দরপত্র ছাড়া কাজ বরাদ্দ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী জাফর আহমেদ খানের বিরুদ্ধে ৬৭ লাখ টাকার ১৪টি কাজ দরপত্র ছাড়াই গোপনে বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ সাধারণ ঠিকাদারেরা গতকাল বুধবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেন।ঠিকাদারেরা জানান, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং আইডি হাসপাতালের ১৪টি মেরামতের ৬৭ লাখ টাকার কাজ গত মঙ্গলবার দরপত্র ছাড়াই গোপনে পাঁচ ঠিকাদারকে বরাদ্দ দেওয়া হয়। ফারুক হোসেন, আনিস বিশ্বাস ও পলাশ নামে তিনজনসহ মোট পাঁচ ঠিকাদারকে গোপনে ওই কাজ দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে অর্ধশতাধিক ঠিকাদার গতকাল দুপুরে গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেন। তাঁরা নির্বাহী প্রকৌশলীর কাছে গিয়ে দরপত্র আহ্বান ছাড়াই গোপনে কাজ বরাদ্দ দেওয়ার কারণ জানতে চান। কিন্তু নির্বাহী প্রকৌশলী জাফর আহমেদ খান কোনো জবাব দেননি। পরে ঠিকাদারেরা কাজগুলোর দরপত্র বাতিল করে আবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বানের দাবি জানান।ওয়ার্ড কাউন্সিলর ও ঠিকাদার আমিনুর ইসলাম অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী ১০ শতাংশ হারে কমিশন নিয়ে গোপনে কাজগুলো দিয়েছেন। পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। শিডিউল কেনার সময় শেষ হয়ে যাওয়ার পর নোটিশ বোর্ডে দরপত্রের বিজ্ঞপ্তি টানানো হয়।আমিনুর ইসলাম আরও অভিযোগ করেন, তিনি নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী পরবর্তী সময়ে গোপনে তাঁকেও একটি কাজ দেওয়ার কথা বলে বিষয়টি নিয়ে আর অগ্রসর না হওয়ার অনুরোধ করেন। ১০ জন ঠিকাদার গণপূর্ত বিভাগ-১-এর টেন্ডার-দুর্নীতি ও অনিয়মের বিষয়ে গতকাল বুধবার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এতে গোপনে কার্যাদেশ দেওয়া দরপত্রগুলো বাতিল করার দাবি জানানো হয়।এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জাফর আহমেদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ সত্য নয়। সরকারি বিধিমোতাবেক কাজ দেওয়া হয়েছে।