খুলনায় নৌকা বাইচ দেখতে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের মতো এবারও খুলনাবাসী ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেছে নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে। গতকাল শনিবার রূপসা নদীতে অনুষ্ঠিত বাইচে মানুষের ঢল নেমেছিল। গ্রামীণফোনের আর্থিক সহয়তায় ‘খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’ এই নৌকাবাইচের আয়োজন করে।
বাইচ শুরুর আগেই বেলা দুইটায় রূপসা সেতুসহ দুই নদীর তীর মানুষে ভরে যায়। জায়গা সংকুলান না হওয়ায় কয়েক শ ইঞ্জিনচালিত ট্রলার, বড় বড় অসংখ্য কার্গো এবং নদীর পাড়ের বড় বড় সরকারি-বেসরকারি ভবনে চড়ে লক্ষাধিক মানুষ বাইচ উপভোগ করেন।
বেলা আড়াইটায় নগরের কাস্টম ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকায় গিয়ে শেষ হয়। বাইচের আগে দুপুরে কাস্টমস ঘাটে প্রধান অতিথি হিসেবে বাইচের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা।
এ বছর প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার মোট ২৬টি বাইচ নৌকা দুটি গ্রুপে অংশ নিয়েছে। ছোট গ্রুপে ১০টি এবং বড় গ্রুপে ১৮টি নৌকা অংশ নেয়।
বড় গ্রুপের নৌকাবাইচে প্রথম হয়েছে তেরখাদা উপজেলার ভাই ভাই জলপরী, দ্বিতীয় হয়েছে একই উপজেলার আল্লাহ ভরসা ও তৃতীয় হয়েছে একই উপজেলার তুফান। প্রথম স্থান অধিকারী দলকে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ৩০ হাজার দেওয়া হয়।
ছোট গ্রুপে নৌকাবাইচে প্রথম হয়েছে কয়রা উপজেলার সোনারতরী, দ্বিতীয় হয়েছে একই উপজেলার সুন্দরবন টাইগার ও তৃতীয় হয়েছে একই উপজেলার সুন্দরবন ভাই ভাই।