খুলনায় নৌ-শোভাযাত্রা নৌকাতেই সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের নদ-নদী রক্ষাসহ প্রকৃতি-পরিবেশ সুরক্ষার দাবিতে গতকাল শুক্রবার খুলনায় এক সংবাদ সম্মেলন ও নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়। নগরের জেলখানা ঘাটসংলগ্ন ভৈরব নদে বেলা সাড়ে ১১টায় ‘উপকূলীয় পরিবেশ সুরক্ষায় নাগরিক মঞ্চ’ বিশ্ব পরিবেশ দিবস-২০১০ উপলক্ষে নৌকার ওপরই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপকূলীয় অঞ্চলের পরিবেশের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্যদিকে পরিবেশ বিধ্বংসী অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রেখেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান নদীভাঙন ও নদীদূষণ রোধ, নদীর সংস্কার, নদীর নব্যতা ফিরিয়ে আনা, খাল দখলমুক্ত করা, লোনা পানিতে চিংড়ি চাষ বন্ধ করা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষাসহ এ অঞ্চলের পরিবেশ সুরক্ষায় পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলন ও নৌকা শোভাযাত্রায় উপকূলীয় পরিবেশ সুরক্ষায় নাগরিক মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ, সদস্যসচিব এম নাজমুল আযম, সংগঠনের বিপুলসংখ্যক কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।