খুলনায় নৌকাবাইচে উৎসবের আমেজ
বেলা আড়াইটা! খুলনার রূপসা নদীর দুই কূলে মানুষের ঢল। নদীর কিনারে ঠাঁই না পেয়ে গাছের ডালে উঠেছেন অনেকে। আর যাঁদের সামর্থ্য আছে, তাঁরা রয়েছেন নদীতে নিজস্ব নৌকা ও ট্রলার ভাড়া করে।
এমন দৃশ্য সাধারণত বড় কোনো উৎসবেই দেখা যায়। খুলনার মানুষকে আরেকবার এ ধরনের বড় উৎসবের আমেজে ভাসিয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার বেলা আড়াইটায় রূপসা নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র খুলনা এ প্রতিযোগিতার আয়োজন করে। এবার ছিল এ প্রতিযোগিতার ১১তম আসর। তৃতীয়বারের মতো এ নৌকাবাইচ প্রতিযোগিতার সার্বিক সহায়তা করছে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন।
এবারের প্রতিযোগিতায় খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে ২৮টি নৌকা অংশগ্রহণ করেছে। নৌকার মাপভেদে বাইচকে দুটি গ্রুপে ভাগ করা হয়।
প্রতিযোগিতায় বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে খুলনার কয়রা উপজেলা থেকে আসা ‘সুন্দরবন টাইগার’। প্রথম রানারআপ তেরখাদা উপজেলার ‘ভাই ভাই জলপরী’ ও ‘আল্লাহ ভরসা’। ছোট নৌকা গ্রুপে বিজয়ী কয়রার ‘সোনার তরী’, দ্বিতীয় রানারআপ সাতক্ষীরার তালা উপজেলার ‘জয় মা কালী’ ও তৃতীয় হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার ‘জয় মা (ঐশ্বর্য)’।