খুলনায় পরওয়ারসহ জামায়াতের ১৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
খুলনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১৩১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মুখ্য মহানগর হাকিম শেখ আবদুল আহাদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আদালত কোনো আদেশ দেননি।অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন: জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির আবদুল মতিন ও মাস্টার শফিকুল আলম, নগর জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, নগর ছাত্রশিবিরের সভাপতি সাইদুর রহমান, সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, সাবেক সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, ৫ নভেম্বর নগরের পাওয়ার হাউস মোড়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই এসআই ফখরুল আলম বাদী হয়ে মামলা করেন।