খুলনায় পরিবহন ধর্মঘট অযৌক্তিক: কাদের
খুলনা বিভাগে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘটকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ধর্মঘট করে কোনো লাভ হবে না। আজ রোববার রাজধানীর জাতীয় ঈদগাহের গেটের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনুমোদিত ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট চলছে।
ওবায়দুল কাদের বলেন, ‘হাইকোর্টে আপিল করা, তারপর সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ রয়ে গেছে। আমি তাদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছি। এখন অযৌক্তিক এ ধর্মঘট শুধু জনগণের ভোগান্তিই বাড়াবে। এতে তাদের কোনো লাভ হবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের বিষয়ে বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বুঝি না বিএনপি নেতারা কেন ধরেই নিয়েছেন যে মামলায় খালেদা জিয়ার সাজা হবে। দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন, এটা আদালতের বিষয়।’
সাজা হলেও খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি তো একজন বিজ্ঞ আইনজীবী। তিনি ভালো করেই জানেন, নিম্ন আদালতে একটা রায় হলে সেই রায়টা হয়তো তিনি (মওদুদ আহমদ) ভেবেছেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে করিয়ে চূড়ান্ত রায় হতে সময় নেবেন। এ সময়ের মধ্যে হয়তো নির্বাচনের সময় এসে যাবে। তাই এই বোধ থেকেই হয়তো তিনি এমন কথা বলেছেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বাড়ানো হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধিতে পরিবহনে একটা প্রতিক্রিয়া আসে। গ্যাসের মূল্যবৃদ্ধির পরে আমরা পরিবহনের ভাড়া বাড়ায়নি, এমন প্রমাণও আছে। পরিবহনের ভাড়া নির্ধারণে বিআরটিএর একটি কমিটি আছে। তারা তেল ও গ্যাসের দাম বাড়ার পর পরিবহনের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেয়। এখানে বাড়ানো হতো পারে, আবার পূর্বেরটাও থাকতে পারে। তবে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না।’
সেতুমন্ত্রী জানান, আজ রাজধানীতে তিন স্থানে অভিযান চলছে। জাতীয় ঈদগাহের সামনে ছাড়াও বাকি দুটি স্থান হলো জাতীয় প্রেসক্লাব এবং হোটেল রেডিসনের সামনে। জাতীয় ঈদগাহ ও প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অভিযানে ২১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, পাঁচটি গাড়ি ডাম্পিং এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।