খুলনায় পরিবহন ধর্মঘট শুরু
সড়ক-মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, ইজিবাইক, মাহেন্দ্র, আলম সাধু, শ্যালোইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ করা এবং আটক করা বাস ফেরত দেওয়ার দাবিতে খুলনার ১৭টি পথে গতকাল সোমবার বেলা দুইটা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এই ধর্মঘট ডেকেছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘মহাসড়কে অবৈধ ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমন চলাচল বন্ধ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। যার পরিপ্রেক্ষিতে এসব যানবাহন চলাচল কিছুটা বন্ধ ছিল। কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের ভাই গোপাল চন্দ্র চন্দের নেতৃত্বে মহাসড়কে আবারও ওই সব যানবাহন বেপরোয়াভাবে চলাচল শুরু হয়েছে।
ধর্মঘটের ফলে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের ১৭টি পথে বাস-মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে। আনোয়ার হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে প্রতিবাদ করায় গোপাল চন্দ্র চন্দের লোকজন খুলনা-ডুমুরিয়া-সাতক্ষীরা সড়কে সোমবার সকালে আমাদের ৫০-৬০টি বাস আটকে রাখে।
গোপাল চন্দ্র চন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।