খুলনায় পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট আজ শুক্রবার সকালে স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ।
খুলনা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল গফফার বিশ্বাস প্রথম আলোকে জানান, গতকাল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক জরুরি সভা হয়েছে। সভায় পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কমিশনার আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে আজ থেকে নগরের ও জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
খুলনা নগর থেকে পরিবেশদূষণকারী টু-স্ট্রোক বেবিট্যাক্সি প্রত্যাহার, বেবিট্যাক্সির শ্রমিক ইউনিয়ন কর্তৃক বাস-ট্রাক ভাঙচুর ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়।