খুলনায় আলমগীর হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে। রায়ে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আল মামুন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন খুলনার দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি বড় খালপাড় এলাকার শাহীন, মনির, ইদ্রিস, জাহিদুল ইসলাম ও ছেলে মাইন। এর মধ্যে জাহিদুল ও মাইন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় খালাস পেয়েছেন ১১ জন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালে নগরের টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় আলমগীরের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী শেখ ওমর আলী বাড়ির নির্মাণকাজ শুরু করেন। ওই বছরের ১ জুন এলাকার সন্ত্রাসীরা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ৬ জুন চাঁদার টাকা আনতে গেলে মাঈন, শাহীন, ইদ্রিস, মনিরসহ অন্যদের সঙ্গে ওমর আলীর ছেলেদের বাগ্বিতণ্ডা হয়।
ওই দিন সন্ধ্যায় ওমর আলীর ছেলে আলমগীর হোসেন এলাকার মুদি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় সন্ত্রাসীরা আলমগীরকে ধরে নিয়ে যায়। পরদিন ভোরে বটিয়াঘাটার হরিণটানা বিল থেকে আলমগীরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৭ জুন নিহতের বাবা ওমর আলী বটিয়াঘাটা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলী ইমরান ওই ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেন।