খুলনায় পাইপলাইনে দ্রুত গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন
খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প বাতিল না করে দ্রুত গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার নগরের পিকচার প্যালেস মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
কমিটির একাংশের সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে ও মহাসচিব এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই প্রকল্প গ্রহণ করেছিল। একটি মহল সরকারকে ভুল বুঝিয়ে এই প্রকল্প বাতিলের চেষ্টা করছে। কিন্তু খুলনার মানুষ গ্যাস চায়। দীর্ঘদিন ধরে গ্যাসের অপেক্ষায় রয়েছে এই এলাকার মানুষ। যেকোনো মূল্যে খুলনাবাসী এই প্রকল্প রক্ষা করবে।
মানববন্ধনে বক্তব্য দেন উন্নয়ন কমিটির একাংশের সাবেক মহাসচিব কুদরত-ই-খুদা, যুগ্ম মহাসচিব মহেন্দ্রনাথ সেন, সাবেক সভাপতি এস এম শাহনওয়াজ আলী, সহসভাপতি খালিদ হোসেন, আইনজীবী অলোকানন্দা দাস প্রমুখ।