খুলনায় পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানের শ্রমিকদের ধর্মঘট চলছে
মজুরি বাড়ানোর দাবিতে খুলনার ১৪টি জুট প্রেসের (রপ্তানির জন্য কাঁচা পাট প্রস্তুতকরণ প্রতিষ্ঠান) শ্রমিকেরা গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় পাট রপ্তানির কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এ ধর্মঘটের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। মজুরি বাস্তবায়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে তাঁরা ধর্মঘট পালন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মহানগরের দৌলতপুর থেকে মংলা ও চট্টগ্রাম বন্দর হয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে পাট রপ্তানি করা হয়। দৌলতপুর এলাকার ১৪টি জুট প্রেসের বোঝাই ও পাটের বেল রশি দিয়ে বাঁধার কাজে নিয়োজিত শ্রমিকেরা এ ধর্মঘট পালন করছেন। বিজেএ খুলনা শাখার আহ্বায়ক (কনভেনর) শেখ কওছার আলী প্রথম আলোকে বলেন, ‘মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে রাতে আলোচনা হওয়ার কথা আছে। আশা করছি, ওই আলোচনায় ইতিবাচক ফলাফল আসবে।’