আজ বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ করা না হলে আগামী শনিবার থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার তাঁরা
পাটকলে ধর্মঘট পালনের পাশাপাশি রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন।
৪ থেকে ১৬ সপ্তাহের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধ এবং পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়সহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের প্রায় ৩৫ হাজার শ্রমিক।
আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ছয়টায় শত শত শ্রমিক নতুন রাস্তা মোড় ও আটরা শিল্প এলাকায় খুলনা-ঢাকা মহাসড়ক ও পাশের রেলপথ অবরোধ করেন। এ ছাড়া যশোরের রাজঘাট এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় ঢাকাগামী বাস অনেক ঘুরে ডুমুরিয়ার চুকনগর হয়ে যশোর যায়।
চলমান শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। সংগঠনের আহ্বায়ক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। বৃহস্পতিবারের (আজ) মধ্যে দাবি না মানলে শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সোহরাব হোসেন জানান, সমঝোতার জন্য খুলনা জেলা প্রশাসক তাঁদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আজ তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
পরিষদের সদস্যসচিব জাকির হোসেনের দাবি, প্রায় দেড় বছর ধরে শ্রমিকদের এসব দাবি নিয়ে সরকারের সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও কোনো ফল মেলেনি। সর্বশেষ দাবি পূরণে ৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ৪ এপ্রিল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।