খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া মজুরি পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তারা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ব্যানারে গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
সকাল নয়টায় আটরা শিল্প এলাকার আলিম, ইস্টার্ন জুটমিল, যশোরের রাজঘাট এলাকায় জেজেআই ও কার্পেটিং জুটমিলের শ্রমিকেরা খুলনা-যশোর সড়কের ইস্টার্ন গেট এলাকায় লাঠি নিয়ে অবরোধ শুরু করেন। একই সময় শ্রমিকদের অপর একটি অংশ রেললাইনের ওপর লাল পতাকা লাগিয়ে অবস্থান নেন।
সকাল ১০টায় খালিশপুরে প্লাটিনাম, ক্রিসেন্ট ও স্টার জুটমিলের শ্রমিকেরা মিছিল নিয়ে খুলনা নগরের নতুন রাস্তা মোড়ে গিয়ে যশোর-খুলনা সড়ক ও রেলপথ অবরোধ করেন।
দুই ঘণ্টার এ কর্মসূচি চলাকালে খুলনা-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময়ে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনটি খুলনা স্টেশনে এবং পার্বতীপুর- খুলনার মধ্যে চলাচলকারী রকেট ট্রেনটি দৌলতপুর স্টেশনে আটকা পড়ে।
খুলনার আটরা শিল্প এলাকায় কর্মসূচি চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলীম জুটমিলের সিবিএ সভাপতি আবদুল সালাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া, আলিম জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আবদুর রশিদ, রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম জাকির হোসেন, ঐক্য পরিষদের সদস্যসচিব সৈয়দ জাকির হোসেন, শ্রমিকনেতা সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
আবদুল সালাম জমাদ্দার বলেন, শ্রমিকেরা সপ্তাহের মজুরি সপ্তাহে পান না। ইতিমধ্যে মিলগুলোর শ্রমিকদের পাঁচ থেকে ছয় সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। সেই সঙ্গে পাটকলগুলোতে চরমভাবে কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে। তাই পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা এ কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।