
বকেয়া মজুরি পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, নতুন মজুরি কমিশন গঠনসহ পাঁচ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটরা শিল্প এলাকার আলিম, ইস্টার্ন জুটমিল, যশোরের রাজঘাট এলাকায় জেজেআই ও কার্পেটিং জুটমিল ও খুলনা নগরের খালিশপুরে প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার জুটমিলের শ্রমিকেরা মিছিল নিয়ে নগরের নতুন রাস্তার মোড়ে যশোর-খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। সে সময় শ্রমিকেরা টায়ারে আগুন ধরিয়ে সড়কে বিক্ষোভ দেখান। রেললাইনে লাল পতাকা উড়িয়ে দেন। শ্রমিকদের উজ্জীবিত রাখতে গানবাজনার আয়োজন করা হয়।
চার ঘণ্টার এ কর্মসূচি চলাকালে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময়ে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেন এবং খুলনা-পার্বতীপুরের মধ্যে চলাচলকারী রকেট ট্রেনটি খুলনা স্টেশন ছেড়ে যেতে পারেনি।
খুলনার আটরা শিল্প এলাকায় কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলিম জুটমিলের সিবিএ সভাপতি আবদুল সালাম জমাদ্দার। এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া, আলিম জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আবদুর রশিদ, রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম জাকির হোসেন, ঐক্য পরিষদের সদস্যসচিব সৈয়দ জাকির হোসেন, শ্রমিকনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আলিম জুটমিলের শ্রমিকেরা ৩২ সপ্তাহের মজুরি সপ্তাহে পান না। অন্য মিলগুলোর শ্রমিকদের ছয় থেকে আট সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। আমাদের নতুন মজুরি কমিশন গঠনও ঝুলে আছে। জুট গুডস ম্যান্ডেটরি অ্যাক্টের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না। সেই সঙ্গে পাটকলগুলোতে চরমভাবে কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে। তাই পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ পূর্বঘোষিত কর্মসূচি অনুয়ায়ী, ১৮ মার্চ বিকেল চারটায় দাবির পক্ষে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।