খুলনায় পাটকলশ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
খুলনার বেসরকারি জুট মিলগুলোর শ্রমিকেরা গতকাল রোববার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। বন্ধ বেসরকারি জুট মিল চালু ও শ্রমিকদের ভবিষ্যতহবিলের (প্রভিডেন্ট ফান্ড) টাকা পরিশোধসহ আট দফা দাবিতে ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
একই দাবিতে বেসরকারি পাটকল শ্রমিকেরা গত ১৭ মে সড়ক অবরোধ, ৩০ মে ভুখামিছিল, ৩ জুন মশাল মিছিল ও ৪ জুন গণ-অনশন কর্মসূচি পালন করেন।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ফুলবাড়ী গেটে খুলনা-যশোর সড়ক এবং ফুলবাড়ী গেট মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শ্রমিকেরা। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহারের পর যানবাহন ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ফুলবাড়ী গেটের দুই পাশের আটরা-গিলাতলা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাইপাস সড়ক খোলা থাকায় শ্রমিকদের সড়ক অবরোধেও যান চলাচলে তেমন সমস্যা হয়নি।
অবরোধ চলাকালে মহানন্দা নামের একটি মেইল ট্রেন খুলনা থেকে ছেড়ে এসে ফুলবাড়ী গেট পর্যন্ত যেতে যেতে কর্মসূচি শেষ হওয়ায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানান খুলনার স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম।
বেসরকারি পাটকল শ্রমিকদের অন্যান্য দাবি হলো বেসরকারি সোনালি ও আফিল জুট মিল পূর্ণাঙ্গভাবে চালু ও বকেয়া পরিশোধ, বন্ধ হওয়া মহসেন ও অ্যাজাক্স জুট মিলের সব পাওনা পরিশোধ, অ্যাজাক্স জুট মিলের আবাসিকে বিদ্যুৎ-সংযোগ চালু ও জুট স্পিনার্সের শ্রমিকদের বকেয়া থাকা প্রায় ৮৮ লাখ টাকা পরিশোধ।