খুলনায় পাল্টাপাল্টি হামলা ৪০টি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খালিশপুরের নতুন রাস্তার মোড়ে গতকাল শুক্রবার সকালে বেবিট্যাক্সি ও ট্যাংকলরির শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৪০টি বেবিট্যাক্সি ও কয়েকটি ট্যাংকলরি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেবিট্যাক্সিচালকেরা সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে খুলনা-দৌলতপুর সড়কে বেবিট্যাক্সিচালকদের বাধার কারণে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারছিল না। এই বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নতুন রাস্তার মোড়ে সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে বেবিট্যাক্সিচালকদের মারপিটের ঘটনা ঘটে। ওই খবর পেয়ে বেলা ১১টার দিকে অটোরিকশাচালকদের সঙ্গে ট্যাংকলরির চালকেরা জোটবদ্ধ হয়ে নতুন রাস্তার মোড়ে বেবিট্যাক্সিচালকদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা অন্তত ৪০টি বেবিট্যাক্সি ভাঙচুর করেন। তাঁদের হামলায় আটজন বেবিট্যাক্সিচালক আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে বেবিট্যাক্সিচালকেরা নতুন রাস্তার মোড়ে কয়েকটি ট্যাংকলরির কাচ ভাঙচুর করেন। পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের ছয়টি ও ২১টি রাবার বুলেট ছোড়ে।দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হালিম বন্দ বলেন, ‘কিছুদিন ধরে ট্যাংকলরির কতিপয় চালক খুলনা-দৌলতপুর সড়কে কিছু সিএনজিচালিত অটোরিকশা চালানোর চেষ্টা করছেন। আজ (গতকাল) সকালে তাঁরা আবারও সেই চেষ্টা চালালে আমাদের শ্রমিকদের সঙ্গে বিরোধ হয়।’ তিনি দাবি করেন, ট্যাংকলরির চালকেরা গতকাল শতাধিক বেবিট্যাক্সি ভাঙচুর করেছেন। তাঁদের হামলায় বেবিট্যাক্সিচালক কওছার আলী, মারুফ হোসেন, শহিদুল ইসলামসহ ২০ জনের বেশি আহত হন।খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকছেদ আলী বলেন, ‘নিজেদের একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ট্যাংকলরির কয়েকজন চালক পিকনিকে যাচ্ছিলেন। এ সময় বেবিট্যাক্সিচালকেরা আমাদের সাতজন চালককে মারধর করেন। ওই ঘটনার পর বেবিট্যাক্সিচালকেরা আবারও সংগঠিত হয়ে আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।’খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘পাল্টাপাল্টি ধাওয়া ও নির্বিচারে গাড়ি ভাঙচুর থামাতে আমাদের কাঁদানে গ্যাসের ছয়টি সেল ও ২১টি রাবার বুলেট ছঁড়তে হয়েছে। এখনো কোনো পক্ষই মামলা করেনি।’