খুলনায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলার তেরখাদা উপজেলায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার হাড়িখালী গ্রামের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাহেব আলী (৭০)। তাঁর বাড়ি একই এলাকায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ ফজরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। মধ্যপাড়া এলাকায় তেরখাদা-খুলনা সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাঁকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’