খুলনায় পিস্তলসহ জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বয়রা লোকস্ট কলোনি এলাকা থেকে গত শুক্রবার রাতে একটি বিদেশি পিস্তলসহ শাহ মোহাম্মদ সোয়েব আবদুল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ আসনের সাবেক সাংসদ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসের ছেলে। সোয়েবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রাত সোয়া নয়টার দিকে নগরের সরকারি মন্নুজান স্কুলের সামনের সড়ক দিয়ে দুই যুবক একটি মোটরসাইকেলে যাওয়ার সময় টহল পুলিশের একটি দল তাঁদের থামার জন্য সংকেত দেয়। কিন্তু তাঁরা সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেলের একজন আরোহী করিমনগর এলাকার রাসেল পালিয়ে যায়। পরে লোকস্ট কলোনির সামনে থেকে পুলিশ সোয়েব আবদুল্লাহকে আটক করে।ওসি আরও জানান, সোয়েব আবদুল্লাহর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর কাছে ২০-২২টি মোবাইল ফোনের সিমকার্ড পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন খান জানান, সোয়েব অস্ত্রব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্রটি যশোরের ঝিকরগাছার সীমান্তবর্তী এলাকা থেকে আনা হয়েছে। সোয়েবের সঙ্গী পলাতক রাসেল অস্ত্রটি সংগ্রহ করে। বিক্রির উদ্দেশ্যে অস্ত্রটি নগরের নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সোয়েবকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।