বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচিতে ২০১৫ শিক্ষা বছরের জন্য খুলনার ৩ হাজার ৪২১ জন ছাত্রছাত্রী পুরস্কৃত হয়েছে। গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এ কর্মসূচি চালাচ্ছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় নগরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণী উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের দুটি পর্বে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্পধারা চলচ্চিত্রের পথপ্রদর্শক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এ ছাড়া অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনাঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন, খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান, দুবারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, গ্রামীণফোনের খুলনা অঞ্চলের এরিয়া ম্যানেজার ইকবাল মাহমুদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৫ সালে খুলনা নগরের ৪৫টি স্কুলের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে মূল্যায়নপর্বে যারা কৃতিত্বের পরিচয় দিয়েছে, শুধু তাদেরই পুরস্কার দেওয়া হলো।
মাহবুব জামিল ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করলে আমরা বাংলাদেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পারব। এ জন্য আমাদের আলোকিত মানুষ হতে হবে। আলোকিত মানুষ হওয়ার জন্য আমাদের পড়তে হবে, জানতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জানার কোনো শেষ নেই। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি আরও বই পড়তে হবে। বেশি বই পড়লে আলোর বিচ্ছুরণ ঘটবেই।’