খুলনায় পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষে গুলি, বহু আহত
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে আজ বুধবার ইসলামী ছাত্রশিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সকাল সাতটা থেকে আটটা ১০ মিনিট পর্যন্ত চলা সংঘর্ষে শিবিরের সাতজন গুলিবিদ্ধ হওয়াসহ ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিবির ঝটিকা মিছিল বের করে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে।
শিবিরের দাবি, এ ঘটনায় তাদের সাতজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। তবে তাঁদের নাম-ঠিকানা তারা দিতে পারেনি। তাঁরা কোথায় চিকিত্সা নিচ্ছেন, তাও জানায়নি।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০২টি গুলি ও কাঁদানে গ্যাসের তিনটি শেল ছুড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।