খুলনায় পুলিশ দিয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যশোর বোর্ডের আওতাধীন খুলনা নগরের ৪১২ নম্বর কেন্দ্র রোটারি মাধ্যমিক বিদ্যালয়েও গতকাল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের প্রধান ফটকের বাইরে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি চালিয়েছে পুলিশ।
পুলিশের এই দেহ তল্লাশি করাকে ভালোভাবে নিচ্ছেন না অভিভাবক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। তাঁরা মনে করছেন, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগ মুহূর্তে কোমলমতি পরীক্ষার্থীদের এ ধরনের পুলিশি তল্লাশি তাদের মনে ভীতির সঞ্চার করবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক টি এম জাকির হোসেন বলেন, ইদানীং বিভিন্ন পরীক্ষায় নকলের উদ্দেশ্যে আধুনিক যন্ত্র নিয়ে হলে ঢোকার ঘটনা ঘটছে। তবে এ ধরনের পরিস্থিতি দেখার দায়িত্ব কক্ষে দায়িত্বরত শিক্ষকের। হলে প্রবেশের আগে পুলিশ যদি পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে, তবে সেটা বাড়াবাড়ি।
তবে পুলিশ বলছে, পুলিশ কমিশনারের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাবলে এই তল্লাশি চালানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আবদুল্লাহ আরেফ গতকাল প্রথম আলোকে বলেন, মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স অনুযায়ী, পুলিশ কমিশনারের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। তিনি এই ক্ষমতা তাঁর অধস্তন পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। সেই ক্ষমতাবলে আজ (গতকাল) থেকে আগামী ২ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীরা যেন কেন্দ্রের মধ্যে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠি, ছুরি নিয়ে যেতে না পারে, সে জন্য তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে।
গতকাল পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে রোটারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরীক্ষার আগ মুহূর্তে পুলিশ যদি এভাবে ছোট বাচ্চাদের দেহ তল্লাশি করতে থাকে, তবে তাদের মনে ভীতি তৈরি হবে। পরীক্ষায় এর প্রভাব পড়তে পারে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, পুলিশ তল্লাশি করলে সেটা তাদের আইনি ব্যাপার। এ ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা নেই।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের মতে, ‘যেসব দেশে প্রচণ্ড সন্ত্রাসী কার্যকলাপ চলে, সেসব দেশে হয়তো এ ধরনের তল্লাশির প্রয়োজনীয়তা আছে। তবে আমাদের দেশে সরকার যেখানে বলছে সবকিছুই স্বাভাবিক। সে ক্ষেত্রে পুলিশের যদি এ রকম ক্ষমতা প্রয়োগের ক্ষমতা থেকেও থাকে, তবে সেটা প্রয়োগ করা একবারে অযৌক্তিক। এটাতে ছোট শিক্ষার্থীর মনে একটা নেতিবাচক প্রভাব পড়ে।’