খুলনায় পুলিশি বাধায় মানবাধিকার সংগঠনের সমাবেশ পণ্ড
খুলনা শহরের শহীদ হাদিস পার্কে পুলিশের বাধার কারণে গতকাল শনিবার কয়েকটি মানবাধিকার সংগঠনের ডাকা মিছিল ও সমাবেশ পণ্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও কয়েকটি মানবাধিকার সংগঠন সূত্র জানায়, খুলনা থানায় ঝুলিয়ে দুই যুবককে নির্যাতন, সুইপার কলোনি থেকে হরিজনদের উচ্ছেদ এবং কালীগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার ব্যুরো, ব্লাস্ট, বেলা, বিলস, অধিকার, মানবাধিকার কমিশন, মানবাধিকার সংরক্ষণ কমিশন, কৃষিশ্রমিক অধিকার মঞ্চ, খুলনা নাগরিক সমাজসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে গতকাল সকালে এই সমাবেশ ও মিছিলের আহ্বান করা হয়। ঘটনার নিন্দা জানিয়ে ফিরোজ আহমেদ বিবৃতি দেন। এ সময় তিনি পুলিশ ও সরকারের তীব্র সমালোচনা করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সমাবেশে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। এ ছাড়া ওনারা সমাবেশের জন্য পুলিশের অনুমোদন নেননি। তাই শুক্রবার রাতেই তাঁদের নিষেধ করেছিলাম।’