খুলনায় পুলিশের সোর্স হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুর থানা-পুলিশের এক সোর্সকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার খুলনা বিশেষ দায়রা জজ আদালত ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আফজাল হাওলাদার, মো. জাহিদ, সনু বিহারি, লাভলু, কাজল, মনির হোসেন ও শাহিন। তাঁদের মধ্যে কাজল, মনির ও শাহিন পলাতক। আদালত তাঁদের যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং আফজাল, জাহিদ, সনু ও লাভলুকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। আসামিরা সবাই নগরের খালিশপুর এলাকার বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২৭ জুন রাতে খালিশপুর শিশুপার্ক এলাকায় আশিক মোল্লা ও সোহেল নামের দুই পুলিশ সোর্সকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন আশিকের স্ত্রী মেহেরুন্নেছা খালিশপুর থানায় মামলা করেন। সোহেল আসামিদের শনাক্ত করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন।

ওই বছরের ২৬ অক্টোবর খালিশপুর থানার তৎকালীন উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদার রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০০৬ সালের সেপ্টেম্বরে মামলাটি ম্যাজিস্ট্রেট আদালত থেকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।