খুলনায় পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
সেবার মান বাড়ানোর মাধ্যমে পূবালী ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করতে সম্প্রতি খুলনার একটি হোটেলে ব্যাংকটির খুলনা অঞ্চলের ‘প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১২’ অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আহমেদ শফি চৌধুরী প্রতিযোগিতামূলক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাইকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি আধুনিক তথ্যপ্রযুক্তির আরও বেশি ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা দিয়ে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির ওপর জোর তাগিদ দেন।সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ আছে। তা অর্জনের জন্য তিনি উপস্থিত কর্মকর্তাদের পরামর্শ ও তাগিদ দেন।সম্মেলনে বিভিন্ন শাখার সফলতার ওপর এবং ২০১২ সালের ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।পূবালী ব্যাংকের খুলনা অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক জীবনকৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কারিগরি কর্মকর্তা এবং সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।