খুলনায় পৃথক হামলায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুর উপজেলায় গতকাল শনিবার খাদ্য বিভাগের শ্রমিক ইউনিয়ন নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজনের হামলায় আবদুস সালাম নামের (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে ডুমুড়িয়া উপজেলায় গত শুক্রবার প্রতিপক্ষের হামলায় আহত শাহীন মোড়ল (২৫) গতকাল মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খাদ্য বিভাগ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোদাচ্ছের হোসেনের কাছে কলম সরদার হেরে যান। এ নিয়ে ওই প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সভাপতি মোদাচ্ছের হোসেনের লোকজনের ওপর কলম সরদারের লোকজন হামলা চালান। হামলায় আবদুস সালাম, সুজন শেখ ও মনির হোসেন গুরুতর আহত হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুস সালামের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী শ্রমিক কাঞ্চন হাওলাদার বলেন, নির্বাচনের দিন সহসভাপতি পদপ্রার্থী মুজিবর রহমান মারা যান। নির্বাচনে তিনিও জয়লাভ করেন। শনিবার সকালে মুজিবর রহমানের বাড়ি মানিকতলা এলাকায় যাওয়ার পথে কলম সরদারের পক্ষের লোকজন মোদাচ্ছের হোসেনের ওপর হামলা করেন।এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করার চেষ্টা করেও কলম সরদারকে পাওয়া যায়নি।গতকাল সন্ধ্যায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ভূঁইয়া বলেন, শুক্রবারের নির্বাচনের জের ধরে গতকাল ওই সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় শাহীন মোড়ল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ইউনিয়নের শাহপুর গ্রামের নাপতির মাঠে ফুটবল খেলা হয়। খেলা শেষে সন্ধ্যার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সহসভাপতি তফসীর আহমেদের সমর্থক কায়সার জামান ও তাঁর লোকজন শাহীন মোড়ল ও তাঁর ভাই মিল্টন মোড়লের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে শাহীন মারা যান।ওই ইউনিয়নের বাসিন্দা ডুমুরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি জহুর হোসেন অভিযোগ করেন, শুক্রবার রঘুনাথপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের একটি সভা ডাকা হয়। ওই সভায় বিএনপির নেতা তফসীর আহমেদকে না ডাকায় তিনি ক্ষুব্ধ হন। পরে সভা আহ্বানকারীদের সঙ্গে তাঁর পক্ষের লোকজনের কলহের জের ধরে ওই সভা স্থগিত হয়ে যায়। এরই জের ধরে তাঁদের পক্ষের সমর্থক শাহীন ও মিল্টনের ওপর হামলা চালানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা তাফসীর আহমেদ বলেন, মূলত ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় শাহীন মারা গেছেন।