খুলনায় প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
খুলনায় দিনে-দুপুরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেখ শহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। খালিশপুরের চিত্রালী বাজারের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। নিহত শহিদুল নগরের মহেশ্বরপাশা এলাকার সোনা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বেলা আড়াইটার দিকে ওই বাজারের ভেতর দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় আকস্মিক রিকশা থামিয়ে শহিদুলের ওপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী। তাঁকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, শহিদুল খালিশপুরের আবু সালেহ হত্যা মামলার আসামি। গত সোমবার তিনি জামিনে ছাড়া পান। তাঁর বিরুদ্ধে থানায় আরও ১৩টি মামলা রয়েছে। আবু সালেহ্র আত্মীয়রাই শহিদুলকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আবু সালেহ্র খালা কৌটা বেগম (৩৮) শহিদুলের রিকশার গতিরোধ করেন বলে এলাকাবাসী জানিয়েছে। কৌটা বেগমা ও শাহ আলম (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।