খুলনায় প্রকাশ্যে দুই বন্ধুকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় প্রকাশ্যে গুলি করে দুই বন্ধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের আড়ংঘাটা থানার বরইতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রিপন সরদার (২৭) ও মিঠুন শেখ (২৬)। তাঁদের বাড়ি  নগরের দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ায়। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, রিপন ও তাঁর বন্ধু মিঠুন আড়ংঘাটা থানার যোগীপোলের ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর হাফিজের তেলিগাতির বিলডাকাতিয়ার ঘেরে মাছ ধরতে যান। সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক ওই ঘেরে যান। এ সময় যুবকেরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে রিপন নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিঠুন মারা যান। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, বরিশালে রিপনের ক্লিনিক রয়েছে। আর মিঠুন একটি  মিলের শ্রমিক।

আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী না পাওয়ায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বোঝা যাচ্ছে না। তবে মামলার প্রস্তুতি চলছে।