খুলনায় গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেনকে ৭ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার খুলনার মহানগর হাকিম ফারুক ইকবাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নির্দেশ দেন। জাকির হোসেনের বিরুদ্ধে আদালতকে তাচ্ছিল্য প্রদর্শন ও আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি লোকমান হাকিম নামের এক কাঠ ব্যবসায়ী বাবুল শিকদার নামের অন্য এক ব্যবসায়ীর বিরুদ্ধে মহানগর আমলি আদালত ক-অঞ্চলে মামলা করেন। আদালত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু ১৩ জানুয়ারি নির্বাহী প্রকৌশল মুহাম্মদ জাকির হোসেন আদালতকে পাল্টা চিঠি দিয়ে জানান, কাঠ বিক্রির বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি তাঁর দপ্তরে নেই। তিনি এ ব্যাপারে বন বিভাগের সাহায্য নিতে আদালতকে পরামর্শ দেন।
পরে ১ ফেব্রুয়ারি নির্বাহী প্রকৌশলীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রকৌশলী গতকাল আদালতে হাজির হননি।
গ্রেপ্তারি পরোয়ানার আদেশে মহানগর হাকিম ফারুক ইকবাল উল্লেখ করেন, নিজে আদালতে হাজির না হয়ে কর্মচারী দিয়ে চিঠি প্রেরণের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন আদালতকে তাচ্ছিল্য প্রদর্শন করেছেন, যা আদালত অবমাননার শামিল। এ জন্য মুহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করে ৭ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজির করতে সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হলো।