খুলনায় প্রচারপত্র বিলির সময় হামলায় আহত ৪
খুলনার দিঘলিয়া উপজেলার ১৩ নম্বর চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আজ বুধবার সকাল ১০টার দিকে প্রচারপত্র বিতরণকালে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়া বিএনপি-সমর্থিত প্রার্থী সাইফুর রহমানের পক্ষে ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রচারপত্র বিলি করা হচ্ছিল। এ সময় দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়া আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খান নজরুল ইসলামের কর্মী-সমর্থকেরা তাঁদের মারধর করেন।
সাইফুর রহমানের দাবি, হামলায় তাঁর চারজন কর্মী-সমর্থক সোহাগ, নূরউদ্দিন, আলাউদ্দিন ও সৈকত আহত হয়েছেন। তাঁদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে খান নজরুল ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা আকরাম হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
জেলার পুলিশ সুপার আবদুল রউফ বলেন, এটি ভোটকেন্দ্রে হয়নি। ভোটকেন্দ্রের পাশে হয়েছে। এর পরও কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।