খুলনায় প্রেশার কুকারে রাখা বোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার বান্দা বটতলা ছোট বাজারের একটি চায়ের দোকানে প্রেশার কুকারে রাখা বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার আধা ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়। তা ছাড়া র‍্যাব-৬-এর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করেছে। উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বাড়ি। গতকাল শুক্রবার দুপুরে তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গতকাল জানতে চাইলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো দেখে মনে হচ্ছে, এটি ছিল একটি টাইম বোমা।

চায়ের দোকানটির মালিক যতীন্দ্রনাথ গাতিদার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এক তরুণ তাঁর দোকানে এসে কেক চান। এরপর কেকটি নিয়ে ওই তরুণ তাঁর দোকানের ভেতরে খাটের এক কোনায় বসেন। এ সময় তাঁর পিঠের কালো রঙের একটি ব্যাগ খাটের নিচে পায়ের কাছে রাখেন। এ সময় দোকানের ভেতরে খাট ও পাশে থাকা বেঞ্চে অন্তত ১৫ জন ছিলেন। তাঁদের বেশির ভাগই দিনমজুর। তাঁরা চা পান করছিলেন ও টেলিভিশন দেখে সময় কাটাচ্ছিলেন। কেক খাওয়ার পর ওই অচেনা তরুণ সিগারেট চান। কিন্তু এই দোকানে সিগারেট না থাকায় ওই তরুণ অন্য দোকানে যান। কিন্তু তাঁর ব্যাগটি রেখে যান। এরপর আর ফিরে আসেননি। ওই তরুণ দোকান থেকে চলে যাওয়ার প্রায় ১০ মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় দোকান আচ্ছন্ন হয়ে পড়ে। লোকজন আতঙ্কে ছুটতে থাকে।

বিস্ফোরণের এ ঘটনায় হিন্দুপ্রধান এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসিত কুমার বিশ্বাস নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, চরমপন্থীদের কোনো আনাগোনা এই এলাকায় কখনো ছিল না। এ ধরনের ঘটনা এর আগে কখনো এখানে ঘটেনি। এ কারণে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে আছে।

সন্তোষ রাহা নামের এক মুক্তিযোদ্ধা বলেন, হিন্দুপ্রধান এলাকা হওয়ায় ঘটনাটি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে।

ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মনে হচ্ছে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুরোপুরি বিস্ফোরিত হয়নি। পুরো প্রেশার কুকারসহ বিস্ফোরণ ঘটলে বড় ধরনের ক্ষতি হতে পারত। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।