খুলনায় ফের পাটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের দৌলতপুরের মেসার্স সৌরভ ট্রেডার্সের পাটের গুদামে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্যের স্বামী সুজিত কুমার ভট্টাচার্য জানান, খুলনা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে দুটি গুদাম ৬-এ ও ৬-বি ভাড়া নিয়ে তাঁরা পাট রেখেছিলেন। গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে ৬-এ নম্বর গুদামে আগুন লাগে। খবর পেয়ে নগরের বয়রা, খালিশপুর ও দৌলতপুর দমকল বাহিনীর তিনটি দল গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপপরিচালক গোলাম রহমান বলেন, গুদামের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয়।এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকেরা কথা বলার সময় গুদামের শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম রহমান ও এনটিভির ক্যামেরাম্যান আজিজুল ইসলাম। এ সময় শ্রমিকেরা এনটিভির ক্যামেরা ভাঙচুর করে।এর আগে গত ১৬ আগস্ট খুলনার দিঘলিয়া উপজেলার ফরহাদ আহমেদের মালিকানাধীন মেসার্স অগ্রণী ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানে পাটের গুদামে আগুন লাগে।