খুলনায় ফেসবুকে নাগরিক সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের নাগরিক সেবা ও সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। ‘আন্তর্জাতিক জনসেবা দিবস’ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

ওই পেজে খুলনা জেলার বিভিন্ন সমস্যা-অভিযোগ, সমাধানের সম্ভাব্য সুপারিশ ও সম্ভাবনার বিবরণ তুলে ধরার জন্য (সম্ভব হলে প্রেরণকারীর মুঠোফোন নম্বরসহ) অনুরোধ জানিয়ে খুলনার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্ট দিয়েছেন।

জেলা প্রশাসক আজ বুধবার দুপুরে প্রথম আলোকে জানান, জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে ফেসবুক পেজের মাধ্যমে নাগরিকদের সমস্যা জেনে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে খুব দ্রুত সময়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমস্যাগুলো আলোচনা করে সমাধান করা যাবে। ফেসবুকে জনসেবা দিতে মন্ত্রিপরিষদ সচিবের পরামর্শ আছে বলেও জানান তিনি।

নাজমুল আহসান জানান, বিষয়টি মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনের নির্বাহী হাকিমদের সমন্বয়ে ৩ থেকে ৫ সদস্যের একটি টিম গঠন করা হবে।

ফেসবুকে ঢুকে DC KHULNA লিখলেই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে।