খুলনায় বজ্রপাতে ২২টি ট্রান্সফরমার বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত একটানা ছয় ঘণ্টার বেশি সময় বজ্রপাতের ঘটনায় শুধু নগরেই ১৭টি ট্রান্সফরমার বিকল হয়েছে। ফলে গত সোমবার সন্ধ্যা পর্যন্ত অনেক এলাকার লোকজন বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।
রোববার ভ্রাম্যমাণ ট্রান্সফরমার দিয়ে কিছু এলাকায় বিদ্যুৎ-সংযোগ চালু করা হলেও বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন ছিল। সোমবার ট্রান্সফরমার পরিবর্তন করার কাজ শুরু হয়। রাতের মধ্যেই সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো)।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বজ্রপাতের ফলে ওজোপাডিকোর নিয়ন্ত্রণাধীন নগরের টুটপাড়া ও হরিণটানা এলাকায় দুটি, দিয়ানা ও মহেশ্বরপাশা এলাকায় চারটি, পিপুলস মোড় ও সিএসডি গোডাউন এলাকায় চারটি এবং গল্লামারী, নিরালা, প্রান্তিকা ও বসুপাড়া এলাকায় সাতটি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এ ছাড়া নগরের পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলায় চারটি ও রূপসা চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ১০ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার শক্তির ট্রান্সফরমার বিকল হয়।
খুলনা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, শনিবার রাত দেড়টা থেকে বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে থাকে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত বজ্রপাত চলে। যে ধরনের বজ্রপাত হয়েছে, তা সর্বোচ্চ মাত্রার। স্মরণকালে খুলনার ইতিহাসে দীর্ঘ সময় ধরে এমন বজ্রপাতের ঘটনা এটাই প্রথম।
গল্লামারী এলাকার নাজমা খাতুন বলেন, ‘মুহুর্মুহু বজ্রপাতের সময় ভবন কেঁপে উঠছিল। আতঙ্কে বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিই।’
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রান্তিকা এলাকার বাসিন্দা ইয়াসিন বলেন, তাঁদের একটি গরুর খামার আছে। খামারে প্রতিদিন দেড় থেকে দুই হাজার লিটার পানি প্রয়োজন। কিন্তু গত দুদিন বিদ্যুৎ না থাকায় নলকূপ চেপে পানির ব্যবস্থা করতে হচ্ছে।
বসুপাড়া এলাকার গৃহবধূ সাবিনা খাতুন বলেন, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় তাঁদের রেফ্রিজারেটরের সব খাদ্যসামগ্রী নষ্ট হয়ে গেছে।
ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শনিবার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় ছোট-বড় ২২টি ট্রান্সফরমার বিকল হওয়ার খবর পাওয়া যায়। রোববার নতুন ট্রান্সফরমার বরাদ্দ দেওয়া হয়েছে। লোকবলের স্বল্পতার কারণে অনেক এলাকায় ওই দিন ট্রান্সফরমারগুলো প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। তবে আজকের (মঙ্গলবার) মধ্যে সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে।