খুলনায় বন্ধ কল কারখানা চালুর দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মহাসেন, সোনালী, অ্যাজাক্স জুটসহ বেসরকারি বন্ধ কল-কারখানা চালু ও বকেয়া পাওনার দাবিতে পাটকল শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরের ফুলতলা এলাকায় সোনালী জুট মিলের সামনে ওই কর্মসূচি পালিত হয়৷
এর আগে ১৭ মে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ২০ দিনের কর্মসূচি দেয় সংগ্রাম পরিষদ৷ গতকাল ছিল কর্মসূচির পঞ্চম দিন৷
সভা চলাকালে বক্তারা বলেন, ব্যক্তিমালিকানাধীন মিলের শ্রমিকেরা ১৯৮৫ থেকে ২০১৩ সালের মে পর্যন্ত মাত্র ৫৬০ টাকা বেসিক বেতনে কাজ করেছেন৷ দীর্ঘ আন্দোলনের পর সরকার নতুন মজুরিকাঠামো দিলেও মালিকেরা তা বাস্তবায়ন করছেন না৷ তাঁরা বিভিন্ন অজুহাতে মিল লে-অফ ও বন্ধ করে দিচ্ছেন৷ ইতিমধ্যে খুলনার মহাসেন, সোনালী ও অ্যাজাক্স বন্ধ এবং নওয়াপাড়া জুট মিলের ২ ও ৩ নম্বর কারখানা, আফিল মিলের হেশিয়ান (চিকন সুতা তৈরির শাখা) ইউনিট বন্ধ করা হয়েছে৷ এ ছাড়া, বিভিন্ন মিলে শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে৷
বক্তারা অবিলম্বে তাঁদের সব দাবি মেনে নিয়ে পাওনা পরিশোধ করে মিলগুলো সুষ্ঠুভাবে চালানোর আহ্বান জানান৷