খুলনায় বাম দলগুলোকে পাশে চায় আ.লীগ
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বাম দলগুলোকে পাশে চায় আওয়ামী লীগ। তার জন্য দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে তাঁরা কয়েক দফা সভাও করেছেন ওই দলগুলোর সঙ্গে। এতে ইতিবাচক সাড়াও মিলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২০ মে জঙ্গিবাদবিরোধী কমিটির সভা হয়েছে। সেখানে বাম দলগুলোসহ ২৩টি স্বাধীনতার পক্ষের সাংস্কৃতিক সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি একসঙ্গে কাজ করার জন্য। তাতে তারা রাজি হয়েছে।’১৪ দলভুক্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাসদ, ন্যাপ ও গণতান্ত্রিক পার্টি ইতিমধ্যে সমর্থন দিয়েছে। তবে বাকি দলগুলো সরাসরি আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেককে সমর্থন দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।মহানগর জাসদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন বলেন, ‘নির্বাচনের আগে ১৪ দলভুক্ত বাম দলগুলো বসে সিদ্ধান্ত নিয়েছিলাম তালুকদারকে সমর্থন দেব। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি।’২০০৮ সালে কেসিসি নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ছিলেন ফিরোজ আহমেদ। তিনি ১৪ হাজার ভোট পেয়েছিলেন। তিনি এবার প্রার্থী হচ্ছেন না। নির্বাচনে সিপিবির সমর্থন চায় আওয়ামী লীগ।তবে নির্বাচনে সিপিবি মেয়র পদপ্রার্থী হিসেবে কাকে সমর্থন দেবে, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ। তবে তিনি বলেন, ‘আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক, সৎ ও যোগ্য প্রার্থী জয়লাভ করুক।’নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি বাম দলগুলোকে নিয়ে সভা করেছি। তারা সবাই বলেছে আমাদের কোনো প্রার্থী নেই, সেহেতু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করবে।’