খুলনায় বাসে যাত্রী কম, বাজারে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধ শিথিলের পর চালু হয়েছে গণপরিবহন। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১১ আগস্ট
ছবি: প্রথম আলো

খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল। খুলনা-কালনাঘাট পথের একটি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন সোনিয়া বেগম। যাবেন নড়াইলে। ওই নারী বেশ ঘামছিলেন, চোখে-মুখে বিরক্তির ছাপ।

সোনিয়া বেগম বললেন, ‘২০ মিনিটেরও বেশি গাড়ির মধ্যে বসে আছি। কিন্তু গাড়ি ছাড়ার নাম নেই। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি।’

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বাস টার্মিনালে অনেককেই এই পরিস্থিতিতে পড়তে হয়। কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু পর্যাপ্তসংখ্যক যাত্রী পায়নি বাসগুলো। ফলে অল্প যাত্রী নিয়ে গাড়ি ছাড়তে রাজি ছিলেন না পরিবহনকর্মীরা।

খুলনা-কালনাঘাট পথে চলাচলকারী বাস কাউন্টারের মাস্টার মো. মনি বলেন, সাধারণত আগে ১০ মিনিট পরপর গাড়ি ছাড়া হতো। এখন অর্ধেক গাড়ি চলার শর্ত দিয়েছে সরকার। এ কারণে ১৫ মিনিট পরপর গাড়ি ছাড়া হচ্ছে। কিন্তু যাত্রী কম থাকায় কখনো কখনো ১৫ মিনিটে গাড়ি ছাড়া সম্ভব হচ্ছে না। দুটি গাড়ি ছাড়ার সময়ে একটি ছাড়তে হচ্ছে। দুই-এক দিনের মধ্যে যাত্রীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন তাঁরা।

সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন উপজেলা ও জেলার ১৮টি পথে বাস ছেড়ে যায়। আজ বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে যাত্রীর চাপ ছিল অনেক কম। ছেড়ে যাওয়া বেশির ভাগ গাড়িতে অর্ধেকের মতো যাত্রী দেখা গেছে। খুলনা-মোংলা, খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা, খুলনা-কুষ্টিয়া, খুলনা-কালনাঘাট পথের অনেকগুলো বাসে এমনটাই দেখা গেছে।

এদিকে বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ পরিবহনশ্রমিকের মুখে মাস্ক নেই। তবে শ্রমিকেরা গাড়িতে কোনো যাত্রী তুলতে গেলে মুখে মাস্ক আছে কি না, তা দেখে নিচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না শ্রমিকেরা। তবে অনেক দিন পর গাড়ি চলাচল শুরু হওয়ায় বেশ হাসিখুশি তাঁরা।

খুলনা জেলায় বাসমালিকদের চারটি সমিতি রয়েছে। ওই সমিতির আওতায় দেশের সব এলাকায় গাড়ি চলে। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বাস চলাচল নিয়ে মালিক সমিতির সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে অর্ধেক বাস চলানোর নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার। তাঁদের সমিতির আওতায় ২৮০টি বাস রয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী সময়সূচি কিছুটা বাড়িয়ে দিনে ১৪০টি গাড়ি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরদিন অপর ১৪০টি গাড়ি চলবে।

খুলনা আন্তজেলা বাস মালিক সমিতি ও খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি গফ্ফার বিশ্বাস বলেন, আন্তজেলা সমিতির আওতায় ৮০টি গাড়ি আছে। প্রথম দিন ৪০টি ও পরদিন ৪০টি করে গাড়ি চলবে। আর মোটরবাস সমিতির আওতায় আছে ৯০টি গাড়ি। এক দিন পরপর ৪৫টি করে চলবে।

কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে বিপণিবিতানগুলো। খুলনা শপিং কমপ্লেক্স, ১১ আগস্ট
ছবি: প্রথম আলো

বাজার-বিপণিবিতানে ভিড়

খুলনা নগরের বিভিন্ন বাজারে আজ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। নগরের অভ্যন্তরীণ সড়কে গাড়ির সারি। ইজিবাইক, সিএনজিসহ বিভিন্ন গাড়িতে গাদাগাদি করে যাত্রী নিতে দেখা যায়। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই।

নগরের ডাকবাংলা এলাকার ক্লে সড়কে আছে কয়েকটি মার্কেট ও বিপণিবিতান। সেগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। বেশির ভাগ মার্কেটে হাত ধোয়া বা শরীরে জীবাণুনাশক ছিটানোর কোনো ব্যবস্থা দেখা যায়নি।

স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে এসেছিলেন সুমন আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পারেননি। এ কারণে স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন। বাজারে মানুষের ভিড় আছে। তার মধ্যেই যথাসম্ভব ভিড় এড়িয়ে কেনাকাটা করার চেষ্টা করছেন।

আজ খুলনা নগরের পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে সাতজন করোনা রোগী মারা গেছেন। আগের দিন মারা গিয়েছিলেন পাঁচজন। সব মিলিয়ে গত ৫ দিনে হাসপাতালগুলোতে মারা গেছেন ১৯ জন। এক মাস আগেও প্রতিদিন মারা যাচ্ছিলেন ১৫ থেকে ২৫ জনের মতো। তখন হাসপাতালগুলোতে কোনো শয্যা খালি ছিল না। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। করোনায় মৃত্যু যেমন কমেছে, তেমনি কমেছে সংক্রমণের হারও। এখন শনাক্তের হার ১৫ থেকে ২৫ শতাংশের মধ্যে। হাসপাতালগুলোতে প্রায় অর্ধেক শয্যা ফাঁকা। তবে মানুষজন স্বাস্থ্যবিধি মানায় অবজ্ঞা করলে আবারও পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

খুলনা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, খুলনায় লকডাউনের কিছু সুফল পাওয়া গেছে। কিন্তু লকডাউন তুলে দেওয়ার পর যদি মানুষ সচেতন না হয়, স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।