খুলনায় বাসের চাপায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড মোড়ে গতকাল শনিবার বাসের চাকায় পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। বাসটি পালিয়ে যাওয়ার সময় ধাক্কায় আরও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার নাজমা বেগম (৪৮) ও চুকগনর এলাকার লতিফা বেগম (৫৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাসস্ট্যান্ড হয়ে একটি বাস দ্রুতগতিতে সাতক্ষীরার দিকে যাওয়ার সময় ট্রাফিক স্তম্ভের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নাজমা বেগম ও লতিফা বেগমকে চাপা দেয়। এতে নাজমা বেগম ঘটনাস্থলেই মারা যান। লতিফা বেগমকে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেওয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনার পর চালক বেপরোয়াভাবে ওই গাড়িটি নিয়ে যশোরের দিকে পালানোর চেষ্টাকালে গাড়ির ধাক্কায় চুকনগর কলেজের ছাত্র মাজেদুল ইসলাম (১৭), ভ্যানচালক রামপ্রসাদ দাস (৪০), মো. ফেরদৌস (৩০) ও হাজের শেখ (৪৫) আহত হন। পরে আহত ব্যক্তিদের চুকনগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ করেন এবং চুকনগর মোড়ে গতিরোধক নির্মাণ, নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান বলেন, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনার পর চুকনগর সড়কের পাশে অবস্থিত ছোট ছোট দোকান উচ্ছেদের অভিযান চালানো হয়েছে।