খুলনায় বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর, সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে সভা আহ্বান করায় দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছেন ছাত্রদলের কর্মীরা। এতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নির্ধারিত কর্মিসভা পণ্ড হয়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল আলিম, যুগ্ম সম্পাদক আকরামুজ্জামানের উপস্থিতিতে গতকাল বেলা ১১টায় জেলা ছাত্রদলের কর্মিসভা হওয়ার কথা ছিল। এর মধ্যে গত রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসানের বাবা মারা যান।
জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা কর্মিসভা দুই দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা তাতে রাজি না হওয়ায় জেলা কমিটির অন্য নেতাদের নিয়ে সভা চালানোর ঘোষণা দেওয়া হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় সভা শুরু হওয়ার কথা ছিল। ওই সময় ডুমুরিয়া ও রূপসা উপজেলা ছাত্রদলের দুটি মিছিল একসঙ্গে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করে চেয়ার ভাঙচুর শুরু করে। ভাঙচুরের একপর্যায়ে যুবদলের নেতা হাসানুর রশিদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি মশিউর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভাঙচুরের ঘটনায় সভা পণ্ড হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থায় নেয়।
জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার আব্বা গতকাল (রোববার) মারা গেছেন। আমি সভায় ছিলাম না। তবে শুনেছি, ডুমুরিয়ার দুটি ছেলের মধ্যে বসা নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘কেন্দ্রীয় নেতারা আমার প্রতি সহানুভূতি দেখালেন না। তাঁরা দুই দিন পরেও এই সভা করতে পারতেন।’