খুলনায় বিএনপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ পরোয়ানা জারি করেন।
নজরুল ইসলাম খুলনা-২ আসনের সাবেক সাংসদ ও মনিরুজ্জামান সদ্য বরখাস্ত হওয়া খুলনা সিটি করপোরেশনের মেয়র।
গ্রেপ্তারি পরোয়ানায় শেখ মুরাদ ওরফে সোহাগ ও বাবুল নামে আরও দুজনের নাম রয়েছে। তবে তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
২০১৪ সালের ৪ জানুয়ারি রাতে নগরের পিটিআই মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুল ইসলাম, মনিরুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন ইজিবাইকচালক রবিউল ইসলাম। গত ১০ জুন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক তাপস কুমার পাল ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১২ আসামি জামিনে রয়েছেন। বাকি চারজনের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।
যোগাযোগ করলে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই সরকারের আমলে কেউ আর পরোয়ানার বাইরে থাকছে না। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নেতৃত্বশূন্য ও পঙ্গু করার জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছে।