খুলনায় বিএনপির নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুলনা সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মনিরুজ্জামানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার খুলনার মুখ্য মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমেদ এই পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করার মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও খুলনা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আযম, নগর বিএনপির সহ প্রচার সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কে এম হুমায়ুন কবীর, জেলা শিবিরের সাবেক সভাপতি সাইদুর রহমান ও আজিজুল ইসলাম ফারাজী।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালের ১৯ নভেম্বর অবরোধ চলাকালে নগরীর পাওয়ার হাউস মোড়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে নজরুল ইসলাম ও মনিরুজ্জামানসহ ৫২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়। ওই মামলায় ৩৬ জন জামিনে আছেন। বাকিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছে।’
এর আগে ১৬ নভেম্বর নজরুল ইসলাম ও মনিরুজ্জামানের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি সদর থানায় করা নাশকতার আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই মামলায়ও বিএনপির এই দুই নেতাকে পলাতক আছেন।
এ ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমরা সব সময়ই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই আছি। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একেবারেই অগণতান্ত্রিক।’