বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, খুলনায় বিএনপির মহাসমাবেশে দেশের জনগণের মুক্তি ও স্বৈরাচার সরকার পতনের আন্দোলন জোরদার করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। শিল্প বিকশিত হচ্ছে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় বেকারত্বের সংখ্যা বাড়ছে। সমগ্র অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।কাল রোববার খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তরিকুল ইসলাম এ কথা বলেন। এ সময় তিনি বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানান, এ মহাসমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষসহ পাঁচ লক্ষাধিক লোকের জমায়েত হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মহাসমাবেশে ভাষণ দেবেন। ২০০৯ সালের সংসদ নির্বাচনের পর এটি হবে তাঁর দ্বিতীয় সাংগঠনিক সফর।মিট দ্য প্রেসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম ওরফে মঞ্জু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাবেক সাংসদ হাবিবুল ইসলাম, আমির এজাজ খান প্রমুখ।