খুলনায় বিএনপির সাত নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় খুলনায় বিএনপির একের পর এক নেতাকে বহিষ্কার করা হচ্ছে। ১৬ মার্চ থেকে গত বুধবার পর্যন্ত দলটির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, রূপসা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে জেলা কমিটির প্রচার সম্পাদক এস এম মনিরুল হাসানকে সমর্থন দেওয়া হয়। ওই পদে জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেনও মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির পক্ষ থেকে আবু হোসেনকে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়। একাধিকবার বলার পরও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে ১৬ মার্চ আবু হোসেনকে বহিষ্কার করা হয় এবং তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ অমান্য করে আবু হোসেনের সঙ্গে প্রচারণায় অংশ নেওয়ায় এবং মনিরুলের সমর্থকদের মারধর করার অভিযোগে ১৭ মার্চ স্বেচ্ছাসেবক দলের রূপসা থানার সভাপতি স ম হাদীউজ্জামান, সাধারণ সম্পাদক সোহাগ মেম্বার এবং ছাত্রদলের পূর্ব রূপসার সভাপতি আজিজুল ইসলামকে বহিষ্কার করা হয়। সর্বশেষ একই অভিযোগে বুধবার জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও রূপসা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মোল্লা এনামুল কবির, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম এবং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুসকে বহিষ্কার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে জেলা কমিটির এক নেতা বলেন, দলের মধ্যে বহিষ্কারের হিড়িক পড়েছে। এতে করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এভাবে বহিষ্কার না করে তাঁদের বুঝিয়ে পথে আনা যেত। নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম বলেন, ‘দলের বিপক্ষে যারা কাজ করছে এবং দলের নিয়ম যারা ভঙ্গ করছে, আমরা তাদের বহিষ্কার করছি। কারণ, আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়।’