খুলনায় বিদ্যুৎকেন্দ্র মেরামতের দাবিতে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ১১০ ও ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মেরামতের দাবিতে গোয়ালপাড়া কেন্দ্রের সামনে গতকাল সোমবার মিছিল ও সমাবেশ হয়েছে। এলাকাবাসীর অনেকে জানান, খুলনা বিদ্যুৎকেন্দ্র শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ডাকে সকাল আটটার দিকে গোয়ালপাড়া কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার মনিরুজ্জামান। সমাবেশে বক্তারা বলেন, ১১০ ও ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র দুটি অনেক পুরাতন হওয়ায় বিভিন্ন সময় তা বিকল হয়ে পড়ে। সে সময় খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে অন্ধকার নেমে আসে। এ ছাড়া বিদ্যুতের ভোল্টেজ ঠিক রাখতেও এই কেন্দ্র দুটিতে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। খুলনা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী হরেন্দ্রনাথ মণ্ডল বলেন, যেভাবে বিদ্যুতের চাহিদা বাড়ছে, তাতে দ্রুত ১১০ ও ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মেরামত করা খুব জরুরি।